
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও সম্মুখযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি গঠন করেছিলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আয়োজিত র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ দীর্ঘ সময় একটি কঠিন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছিল। এমন পরিস্থিতিতে শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা, জনগণকে ঐক্যবদ্ধ করা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি দেশে অনাচার, অবিচার ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে রাজনৈতিক ধারার সূচনা করে। একই সঙ্গে মানুষের মৌলিক চাহিদা পূরণ, গ্রামভিত্তিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি এবং দেশের ওপর আধিপত্য রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বিএনপি আজও সেই আদর্শ ও ধারাবাহিকতা অনুসরণ করে কাজ করে যাচ্ছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এম এ হাশেম রাজুর সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোজাম্মেল হক ও সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল ও ইফতেখার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার চৌধুরী ও সদস্যসচিব তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
পড়েছেনঃ 11








