
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা উল্লেখ করেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টি তিনি সবসময় মনে রাখবেন।








