,

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই দ্রুতগতির ট্রাকের চাপায় নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত চট্ট মেট্রো-১১-০০৩৫ নম্বরের ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাউজান সদরের জলিলনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং উত্তর লেলাংগড়া গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টিটু তাঁর কার্যালয় থেকে বের হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বেপরোয়া যান চলাচল বন্ধ এবং দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জলিলনগর মোড়ের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে রাউজান থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের ছেলে মোহাম্মদ সামির বলেন, তাঁর বাবাকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্ট মেট্রো-১১-০০৩৫ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।