
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরি ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।সোমবার দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরি ও তার স্ত্রীর বিদেশে থাকা কথিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই যুক্তরাষ্ট্রে তাদের নামে থাকা সম্পদসংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য দুদকের কাছে সরবরাহ করেছে।
দুদক সূত্রে জানা গেছে, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান চলছে। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্টতা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট তদন্ত দল।
তথ্য যাচাই ও অনুসন্ধানের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








