
চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দ কুচাইয়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান। বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৭ জানায়, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে সৈয়দ কুচাইয়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থামিয়ে চালক নুরুল আলম প্রকাশ মুজাহিদকে আটক করা হয়। মোটরসাইকেলটির সামনের শেডে ইংরেজিতে ‘প্রেস ডেইলী বাংলাদেশ অবজারভার’ লেখা স্টিকার লাগানো ছিল।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







