
চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া কামাল নিহাতের (২০) বাবার বাড়ি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামে। তিনি ওই এলাকার মোহাম্মদ কামালের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন (২৫) একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছিলেন ওই গৃহবধূ। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল।
পরিবারের সদস্যদের দাবি, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর যৌতুক নিয়ে দাম্পত্য কলহ শুরু হয় বলে অভিযোগ স্বজনদের। তাদের দাবি, যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
তানিয়ার বাবা মোহাম্মদ কামালের অভিযোগ, গত ঈদুল ফিতরে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নতুন পোশাক ও বিভিন্ন উপহার দাবি করেছিলেন। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি তখন উপহার দেন। তবে সম্প্রতি আবারও পোশাক ও অতিরিক্ত যৌতুক দাবি করা হলে তা দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায় বলে দাবি তার।
পরিবারের সদস্যরা জানান, এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হয়েছিল। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার পর তানিয়ার স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।







