
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোনোভাবেই যেন মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো সভ্যতা সংকটের মুখে পড়বে। তাই প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানুষের নিয়ন্ত্রণ ও কল্যাণ নিশ্চিত করাও জরুরি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, বিশ্ব এখন বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এই পরিবর্তনের অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা অনেকাংশেই নির্ভর করবে এআইয়ের ওপর।
তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মসহ দেশের সবাই সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
এ সময় ব্যবসায়ীদের এআই ব্যবহারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি। এআইকে কেবল ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে বিবেচনা না করে নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহারের পরামর্শ দেন রাষ্ট্রপতি।







