
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বুধবার (০৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
এদিকে বুধবার পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ আশফাকুর রহমান।







