,

দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন

দীর্ঘ আইনি লড়াই শেষে দুদকে পুনর্বহাল শরীফ উদ্দিন

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে পুনরায় চাকরিতে যোগদানের সুযোগ পেয়েছেন। আগের জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। পরে ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

বিধি অনুযায়ী, তিনি আগের জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকার সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করায় তিনি আলোচনায় আসেন। এ সময় প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি।

চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই আদালত তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। একই সঙ্গে আগের জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরবর্তী সময়ে তা আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর ‘নট টু প্রসিড’ হিসেবে তা খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুর হওয়ার মধ্য দিয়ে তার চাকরিতে পুনর্বহালের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।