
হিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ফিরিয়ে দেওয়াই সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর (এপিপিজি) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং ‘অর্ফানস ইন নিড’-এর তহবিল সংগ্রহ বিভাগের প্রধান আলতাফ হুসাইন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে।’ সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে বহুমুখী কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







