
জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষ ব্যাংকঋণ পান না। তাদের ঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো এ তহবিল থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। ব্যক্তিগত পর্যায়ে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর। দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য হলো, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। এ ঋণে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধা পাবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।
কারা পাবেন ঋণ
পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা এ ঋণ পাবেন। অগ্রাধিকার তালিকায় রয়েছেন জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার-পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিকেরাও ঋণের যোগ্য।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা ঋণ পাবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ তালিকায় রয়েছেন।
প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবার তৈরির কাজে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ড এবং আয়বর্ধক কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।
শিক্ষার্থীরাও পাবেন ঋণ
এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ঋণের ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা
একজন গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে নিতে পারবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ ওই হিসাবেই জমা হবে।
৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে ব্যাংক। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককেই পরিশোধ করতে হবে।
সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর
এ স্কিমের আওতায় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও ঋণ দিতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে আদায় করা মুনাফার হার বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রাহকের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে ব্যাংক।
ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন নিতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ
ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করা যাবে। ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
ঋণের অর্থ সঠিক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি জানিয়ে প্রতি তিন মাস পর পর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে। পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ওই প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।







