,

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে হাটহাজারীতে চারটি ঘর উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে হাটহাজারীতে চারটি ঘর উপহার দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতো কোনো সামর্থ্য বা ক্ষমতা আমার নেই। তবে হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩টি ঘর উপহার দিয়েছেন, তার সাথে আমি আমার নিজস্ব অর্থায়ন থেকে আরও একটি ঘর যুক্ত করে এলাকাবাসীর জন্য মোট চারটি ঘর উপহার দিলাম।আমার এই ক্ষুদ্র প্রয়াসটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিবেদন করছি।

শুক্রবার (২০ নভেম্বর) হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে গৃহহীন পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেন।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তাঁর এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীর সুবিধাবঞ্চিত গৃহহীন পরিবারের জন্য দেওয়া উপহারের ঘরের সাথে ব্যক্তিগত তহবিল থেকে আরও একটি ঘর যুক্ত করে মোট চারটি ঘর বিতরণ করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জনপ্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের সকল সংসদ সদস্যের লক্ষ্য একটাই—সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামোগুলোর সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করা। আপনাদের এলাকার একজন সেবক হিসেবে আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব।
নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, আপনাদের নিজ নিজ এলাকা থেকে জনকল্যাণমূলক যেকোনো প্রয়োজনের কথা আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করব। এছাড়া আমি নিজেও নিয়মিত এলাকায় এসে সরেজমিনে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সরকারি অর্থায়নে যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে স্থগিত বা বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরেই শুরু হয়েছিল স্বপ্ন দেখার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আর একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। আপনার আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামই আমাদের পথচলার অনুপ্রেরণা। আপনার দেখানো পথেই এগিয়ে যাক আগামীর বাংলাদেশ এবং আপনার হাত ধরেই পূর্ণতা পাক কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা।অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা