
‘যুবকরাই আদর্শ সমাজ গঠনের অন্যতম শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমির অধ্যাপক হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির আনোয়ারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে দরসুল কোরআন পরিবেশন করেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সহ-সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু তাহের, সাবেক আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মাস্টার শহিদ এবং আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় যুবসমাজ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। যখনই শাসকগোষ্ঠী দেশের মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করে, তখনই তরুণ ও যুবসমাজ অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে সোচ্চার হয়। দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যুবকরাই দেশ ও জাতির অন্যতম প্রধান শক্তি।
সম্মেলনে আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।







