
বাংলাদেশ রেলওয়ের চলমান এনলিস্টমেন্ট কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার, বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষা, পৃথক তহবিল গঠন এবং সরকারি দপ্তরে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী ও তাঁর সংশ্লিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা বসিয়ে রাখার পর হঠাৎ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে দাবি করলে উপস্থিত সাংবাদিকরা কারণ জানতে চাইলে সংবাদ সম্মেলন বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন আয়োজকরা বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের অভিযোগ, একপর্যায়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলে আয়োজকরা বক্তব্য না দিয়েই সরে যান। এতে সংবাদ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী এবং তাঁর বড় ভাই কানাডাপ্রবাসী লাকি হুদা চৌধুরী। তাঁদের সংশ্লিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীকে ঘিরে রেলাঙ্গনে ‘চৌধুরী সিন্ডিকেট’ নামে পরিচিত একটি প্রভাববলয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে চলমান এনলিস্টমেন্ট কার্যক্রমকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একটি অংশ সমবেত হন। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের উপস্থিতিতে ওই সমাবেশ একপর্যায়ে ঘেরাও পরিস্থিতিতে রূপ নেয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, সেখানে এনলিস্টমেন্টের প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। সরকারি দপ্তরে এ ধরনের সংঘবদ্ধ অবস্থান গ্রহণের অনুমতি কে দিয়েছিলেন এবং এর পেছনে কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৯ নভেম্বরের ওই সমাবেশ ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। সূত্রের দাবি, সমাবেশ চলাকালে ফেরদৌস হুদা চৌধুরীর বড় ভাই কানাডাপ্রবাসী লাকি হুদা চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনের লাউডস্পিকারে উপস্থিত ব্যবসায়ীদের সামনে কথোপকথন হয়।
অভিযোগ রয়েছে, ওই কথোপকথনে এনলিস্টমেন্ট কার্যক্রমকে কেন্দ্র করে পৃথক তহবিল গঠন, অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি এবং সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়টিও আলোচনায় আসে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্র। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সংবাদ সম্মেলন শুরু হলেও সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলে আয়োজকদের মধ্যে অস্বস্তি তৈরি হয় বলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ। একপর্যায়ে সংবাদ সম্মেলন বন্ধ করে আয়োজকরা দ্রুত স্থান ত্যাগ করেন।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, তাঁদের প্রশ্নের উত্তর না দিয়ে এবং কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিয়েই কর্মসূচি শেষ করা হয়। আয়োজকদের অন্য সদস্যদের আপত্তি সত্ত্বেও ফেরদৌস হুদা চৌধুরীর একক সিদ্ধান্তে সংবাদ সম্মেলন বন্ধ করা হয়েছে বলেও সূত্রের দাবি।
সূত্রের দাবি, সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অতীতের এনলিস্টমেন্ট, ট্র্যাকশন মোটর ক্রয়, বিদেশি প্রস্তুতকারকের পরিচয় এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল। তবে এ কারণেই সংবাদ সম্মেলন বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ সম্মেলন বন্ধের কারণ হিসেবে সরকারের উচ্চপর্যায়ের অনুরোধের কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেছেন উপস্থিত কয়েকজন সাংবাদিক। তবে কোন পর্যায় থেকে, কার মাধ্যমে এবং কখন এ ধরনের অনুরোধ জানানো হয়েছিল, তার কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা লিখিত নির্দেশনা প্রকাশ করা হয়নি।
ফলে প্রশ্ন উঠেছে, সরকারের উচ্চপর্যায়ের নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, নাকি এটি ছিল আয়োজকদের নিজস্ব সিদ্ধান্ত?
২০১১ সালের এনলিস্টমেন্টে ৩০ হাজার ৪৩১ আইটেম নিয়ে বিতর্ক ফেরদৌস হুদা চৌধুরীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো বিদেশি প্রস্তুতকারকের পরিচয় ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে যন্ত্রাংশ সরবরাহ এবং ট্র্যাকশন মোটর ক্রয়ে অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগ।
২০১৯ সালের ২৫ সেপ্টেম্বরের একটি অভিযোগপত্রে দাবি করা হয়, ২০১১ সালের এনলিস্টমেন্টে ডিজেল ইমপেক্স কানাডা প্রায় ৩০ হাজার ৪৩১টি যন্ত্রাংশ সরবরাহের অনুমোদন লাভ করে। পরবর্তী কারিগরি মূল্যায়নে ঘোষিত একাধিক প্রস্তুতকারকের পরিচয় ও দাখিল করা কাগজপত্রের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
বিশেষ করে উরবংবষ ওসঢ়বী ঈধহধফধ, জধরষ ওহফঁংঃৎরবং ঈধহধফধ এবং ঞঘঞ চড়বিৎ চৎড়ফঁপঃং টঝঅ-এর প্রকৃত প্রস্তুতকারক পরিচয়, আইএসও সনদ, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ করা ট্র্যাকশন মোটরের মান নিয়ে অভিযোগপত্রে আপত্তি জানানো হয়েছিল।
ট্র্যাকশন মোটরের দামে অস্বাভাবিক পার্থক্যের অভিযোগ
একই অভিযোগপত্রে ২০১৫ সালের একটি ক্রয়ে ট্র্যাকশন মোটরের একক মূল্য ৫৯ হাজার ৪৫০ মার্কিন ডলার এবং ২০১৭ সালের অন্য একটি ক্রয়ে একক মূল্য ১ লাখ ১ হাজার ৪৭৫ মার্কিন ডলার উল্লেখ করা হয়।
দুই ক্রয়ের মধ্যে এত বড় মূল্যপার্থক্যের কারণ কী ছিল? সংশ্লিষ্ট মোটরের কারিগরি স্পেসিফিকেশন একই ছিল কি না, প্রস্তুতকারকের মূল্যতালিকা কী ছিল এবং দরপত্র মূল্যায়ন যথাযথভাবে সম্পন্ন হয়েছিল কি নাÑএসব প্রশ্নের উত্তর জানতে সংশ্লিষ্ট ক্রয় নথি ও কারিগরি মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনার দাবি উঠেছে। ২০১৯ সালের অভিযোগপত্রে কানাডার একটি ব্যক্তিগত আবাসিক ঠিকানাকে বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানা হিসেবে ব্যবহারের বিষয় উল্লেখ করে অর্থপাচারের অভিযোগ উত্থাপন করা হয়েছিল।
অভিযোগকারীদের দাবি, বিদেশি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, ব্যাংকিং লেনদেন এবং যন্ত্রাংশ সরবরাহের আড়ালে অর্থ স্থানান্তরের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে অভিযোগগুলোর বর্তমান অবস্থা এবং কোনো তদন্ত হয়ে থাকলে তার ফলাফল প্রকাশের দাবি উঠেছে।
তবে এসব অভিযোগের চূড়ান্ত তদন্ত-ফলাফল বা আদালতের কোনো সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ রেলওয়ের ডিজেল লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের নিয়মিত সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনলিস্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি ক্রয়প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনিক চাপ, ব্যবসায়িক বিরোধ কিংবা অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সত্য হলে তা রেলওয়ের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আহ্বান করা হলেও আওয়ামী পন্থী ৩/৪জন সাংবাদিক উপস্থিত থাকলেও ১১ জনের কমিটির অধিকাংশ উপস্থিত ছিল না।







