,

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা এবং উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে কতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে রাউজানের গহিরাস্থ পারিবারিক বাড়িতে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন খতম শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্যরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, মরহুমের জ্যেষ্ঠ সন্তান ফজলুল কাদের ফারাজ কাদের চৌধুরী, কনিষ্ঠ পুত্র হুম্মাম কাদের চৌধুরী এমপি, সাকের কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশ নেন।

উল্লেখ্য, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদীয় রাজনীতিতে একজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় ভূমিকা এবং রাউজানের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আজও আলোচিত। ১১তম শাহাদাত বার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।