
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন জমার সময় আরও দুই দিন বৃদ্ধি করা হচ্ছে। আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন থাকলেও, নতুন সিদ্ধান্তের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে সবার সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তই আবেদনের সুযোগ থাকছে—অর্থাৎ আগের নির্ধারিত সময়ই চূড়ান্ত হিসেবে টিকে আছে।







