
চট্টগ্রামের হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এমন পবিত্র স্থানে ককটেল উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিস্ফোরক রাখার পেছনে কারা এবং কী উদ্দেশ্যে জড়িত, তা খুঁজে বের করা জরুরি। এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর আগেও দেশের বিভিন্ন দরবার শরীফ, মাজার ও খানকাহে হামলা, ভাঙচুর ও উগ্রবাদী অপতৎপরতার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।
বিবৃতিতে তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। ধর্মীয় পরিচয়ের আড়ালে কোনো উগ্রবাদী বা দুর্বৃত্তচক্রকে সহিংসতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সব ধর্ম, মত ও পথের মানুষের সহাবস্থানের দেশ। দেশের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। ধর্মীয় পবিত্র স্থানে নাশকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারসহ দেশের গুরুত্বপূর্ণ দরবার শরীফ, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ধরনের স্পর্শকাতর ঘটনায় গুজব ও উসকানি এড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধর্মীয় পবিত্রতা, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে তাঁর অবস্থান আপসহীন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।







