
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ‘NSTUMUN 2026’-এ বেস্ট ডেলিগেশন এ্যাওয়ার্ড অর্জনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (CU Model United Nations Association) প্রতিনিধি দল মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের এ সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী সক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তা এবং কূটনৈতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের অর্জিত এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। প্রতিনিধি দলের সদস্যরাও মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ১২ থেকে ১৪ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ‘NSTUMUN 2026’। সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে নিজেদের বিতর্ক, যুক্তিনির্ভর আলোচনা, কূটনৈতিক প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রেখে ‘Best Delegation Award’ অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।







