
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এফ রহমান সড়কের সংস্কারকাজে দীর্ঘসূত্রতা ও ঠিকাদারের গাফিলতির অভিযোগ উঠেছে। সড়কের দুই পাশে গর্ত খুঁড়ে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেঁওচিয়া ধর্মপুর এলাকা থেকে শুরু হওয়া এ সড়কটি কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। কেঁওচিয়াসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ এ পথে চলাচল করেন।
স্থানীয়দের ভাষ্য, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়। তবে সড়কের দুই পাশে গর্ত খননের পর কাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঠিকাদার। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনরায় কাজ শুরু হয়নি। ফলে দিন দিন সড়কটির অবস্থা আরও খারাপ হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের দুই পাশে খুঁড়ে রাখা গর্তগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে সড়কটি সরু হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
সংস্কারকাজ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করলেও সড়কটির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, “ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ বন্ধ করে রেখেছেন। এ বিষয়ে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।”
এদিকে এলাকাবাসীর প্রশ্ন, জনগুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কারকাজ শুরু করে মাঝপথে বন্ধ রাখার পরও কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? শুধু চিঠি দিয়েই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব শেষ? তাদের দাবি, কাজে গাফিলতির জন্য ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করবে। এতে কেঁওচিয়াসহ আশপাশের এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।







