
পলাতক ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে পরিকল্পনা করে গুজব, অপপ্রচার ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেছেন, কথিত লকডাউনের নামে জনগণকে বিভ্রান্ত করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সন্ত্রাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় ও মদদ দিচ্ছে, তাদেরও সতর্ক করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের লালখান বাজার মোড়ে ফ্যাসিবাদী অপশক্তির পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাজিমুর রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের বাইরে থেকে নানা পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। কথিত লকডাউনের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও এবং মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসব পরিকল্পিত কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করা। তাই কোনো ধরনের উসকানি, গুজব কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করতে মাঠে রয়েছেন।
সন্ত্রাসীদের আশ্রয় ও মদদদাতাদের সতর্ক করে নাজিমুর রহমান বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদেরও সাবধান হতে হবে। সন্ত্রাসী এবং তাদের মদদদাতা ও আশ্রয়দাতারা কেউই রেহাই পাবে না। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোথাও সন্ত্রাসীদের তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে হবে। ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালখান বাজার মোড় থেকে শুরু হয়ে দামপাড়া ওয়াসার মোড় ও কাজীর দেউড়ি হয়ে নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন; মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল; মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ; মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী; বিএনপি নেতা নাসরিন বাপ্পি ও আমানউল্লাহ; যুবদল নেতা উজ্জল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির ওমর ফারুক, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবছারুল ইসলাম, ২১ নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান সুমন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আলমগীর আলম, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মোস্তফা, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ এবং ওয়াসা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিয়া।







