শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার পাশাপাশি মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শবে বরাত উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, এই পবিত্র রাত আল্লাহর রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধি অর্জনের এক অনন্য সুযোগ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতেই মহান আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ করুণা প্রদর্শন করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, তওবা, দান-সদকা এবং আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

ড. ইউনূস আরও বলেন, গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার দৃঢ় সংকল্প গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ ও বরকত অর্জন করতে পারি।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করি এবং অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির আদর্শে ব্যক্তি ও সমাজ জীবন গড়ে তুলি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং তাঁর হেফাজতে রাখেন- এই প্রার্থনা রইল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email