
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-২ আসনের ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করতে পারবে না। এ বিষয়ে আগামী ২৮ এপ্রিল আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হাসান উদ্দিন বলেন, ‘সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। আপিল বিভাগের আদেশে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।’
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, ‘আমাদের আদালতে ব্যস্ত রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল একটি দল। কিন্তু তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। ফটিকছড়ির আপামর জনগণের সহযোগিতা কামনা করছি।’
এদিকে, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গণি জানান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। চূড়ান্ত আপিল শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করতে পারবে না। আগামী ২৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।’
উল্লেখ্য, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) গত ১৮ জানুয়ারি আপিল শুনানি শেষে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরওয়ার আলমগীর হাইকোর্টে রিট আবেদন করেন। পরে গত ২৭ জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে আদেশ দেন।







