নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমির খসরুর

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বেলা ১১টায় চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এই প্রার্থী বলেন, একটি বিশেষ দল জাল ব্যালট ছাপাচ্ছে ও বোরকা তৈরি করছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়া এবং বিকাশে টাকা দেওয়ার নাম করে মোবাইল নম্বর সংগ্রহের মতো ঘটনাও ঘটছে।

আমির খসরু বলেন, এসব অপকৌশল করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যারা নির্বাচনের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, গণতন্ত্রকামী জনতা ব্যালটের মাধ্যমে তাদের উচিত জবাব দেবে। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে একটি মহল আতঙ্কিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী এলাকার জন্য ১১ দফার একটি উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন আমির খসরু। তাঁর প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হলো- আধুনিক চিকিৎসার জন্য এলাকায় ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণ, তরুণদের কর্মসংস্থান এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করা।

এ ছাড়া জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, যানজট নিরসন, পানি সংকট দূর করা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। এলাকাকে নিরাপদ রাখতে শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা চালুর কথাও তাঁর উন্নয়ন পরিকল্পনায় উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম এবং আমির খসরুর ছেলে ইসরাফিল খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email