
নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা একসময় কচুয়া থেকেই শুরু হয়েছিল। একইভাবে মাদক ও সন্ত্রাস মুক্তকরণের যাত্রাও এখান থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
প্রয়াত নেত্রী খালেদা জিয়ার স্মরণে মন্ত্রী উল্লেখ করেন, পুনঃনির্বাচিত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তবে আজকের এই আনন্দের সময়ে আমি গভীরভাবে ব্যথিত যে দেশমাতা খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আমরা আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব।
এর আগে দুপুরে তিনি উপজেলা পরিষদে উপস্থিত হলে চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কচুয়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।







