রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, আগের তুলনায় আরও ৩ ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি দূর করা এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের যাতায়াত সহজ করতেই এই সময়টিতে কোনো রেশনিং থাকবে না।

ঈদের ছুটি শেষে অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হবে। ওই সময় থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email