তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেল ৩টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জনগণকে এক কঠিন সময়ের পর গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য সাধুবাদ জানান। এর আগে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলেও তিনি এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছিলেন।

দীর্ঘ ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। আনোয়ার ইব্রাহিম এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুয়ালালামপুর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। টেলিফোনে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ আগামীতে আরও শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের নেতাদের অভিনন্দনের তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ফোন বিশেষ তাৎপর্য বহন করে। দক্ষিণ, পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান এর প্রভাবশালী সদস্য হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার।

বিশেষ করে বাংলাদেশের বিশাল শ্রমবাজারের একটি বড় অংশ মালয়েশিয়ার ওপর নির্ভরশীল। তারেক রহমানের নেতৃত্বের ওপর আনোয়ার ইব্রাহিমের এই আগাম আস্থা প্রকাশ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বিকেল ৩টার এই ফোনালাপ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, দুই নেতার মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে যা দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও মজবুত করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email