
গত বছরের মতো এবারও ঈদ সিনেমার নায়িকা হয়ে আসছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে এবারের উপস্থিতি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় কাজ করছেন তিনি।
এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। বড় বাজেট ও বিশাল আয়োজনে নির্মিত এ সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। এখন শুটিং চলছে ভারতে। সিনেমার টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিণ।
এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রিন্স’ পরিপূর্ণ একটি সিনেমা। এমন গল্পের ও নির্মাণের সিনেমা এর আগে দেশে হয়নি। সিনেমার পরতে পরতে চমক রাখার চেষ্টা করা হয়েছে। ঈদে সিনেমাটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’ প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিণ ছাড়াও আরেকজন নায়িকা হয়েছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু।
শাকিব খানের আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তির সম্ভাবনা রয়েছে এবারের ঈদে। দেশপ্রেমের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনায় রয়েছেন সাকিব ফাহাদ। সোলজারে শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে। সিনেমায় তিনি অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার মাধ্যমে পর্দায় থাকবেন পূজা চেরী। তার বিপরীতে রয়েছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে প্রথমবার দেখা যাবে নিশো ও পূজা চেরীর নয়া কেমিস্ট্রি! সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সারভাইভালধর্মী সিনেমা দম। কাজাখস্তানের দুর্গম লোকেশনে হয়েছে বেশিরভাগ শুটিং। ভিন্ন স্বাদের গল্প ও বিদেশি লোকেশন সিনেমাটিকে ঈদের তালিকায় আলাদা মাত্রা যোগ করেছে। সিনেমাটি নিয়ে পূজা চেরী বলেন, ‘এই সিনেমা আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। আশা করছি সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’
ঈদের প্রতিযোগিতায় রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার নায়ক সিয়াম আহমেদ। অ্যাকশন, থ্রিলার ও নাটকীয়তায় ভরপুর এই সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন মনোরম লোকেশনে।
সিনেমা নিয়ে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড, এই প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করছি। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর এবার সাহিত্যনির্ভর গল্পের নায়িকা হয়ে আসছেন। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মিত হচ্ছে
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। চিত্রা নামের এক তরুণীর এক দিনের ট্রেনযাত্রা এবং সেই যাত্রাপথে দেখা মানুষ ও অভিজ্ঞতাকে ঘিরে গড়ে উঠেছে কাহিনি।
‘বনলতা এক্সপ্রেস’ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, এই প্রজেক্ট থেকে নতুন অনেক কিছু শিখেছি। পুরো জার্নিটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই সিনেমার শুটিং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।’ সিনেমায় সাবিলার সঙ্গে রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। এখন চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ।
সবকিছু ঠিক থাকলে ঈদে দুই সিনেমার নায়িকা হয়ে আসছেন শবনম বুবলী। একটি রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ এবং অন্যটি জাহিদ জুয়েলের ‘পিনিক’। আদর আজাদের সঙ্গে বুবলীর পিনিক সিনেমাটি বহুবার মুক্তির পরিকল্পনায় থেকেও প্রেক্ষাগৃহে পৌঁছতে পারেনি। নানা কারণে পিছিয়েছে মুক্তি। এবার পরিচালক ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে প্রেশার কুকার। এ সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। নারী চরিত্রদের ঘিরে আবর্তিত হবে পুরো গল্প। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার দর্শক মহলে সাড়া ফেলেছে। শবনম বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত।
কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেনকে কেন্দ্র করে মাসুদ হাসান উজ্জল নির্মাণ করেছেন সিনেমা ‘বনলতা সেন’। এই সিনেমার নাম চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে। গত বছর মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি।
অবশেষে আসছে ঈদে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের এই সিনেমা।
সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বীসহ অনেকে।
দুই বছর পর আবারও সিনেপর্দায় ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাকে দেখবেন একেবারেই নতুন রূপে। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সিনেমায় অপুর নায়ক আব্দুন নূর সজল। এই জুটির প্রথম কাজ এটি।
অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। এর মাধ্যমে চার বছর পর আবার জুটি বেঁধেছেন মিম-শুভ। সিনেমাটিতে আরও রয়েছেন মিশা সওদাগর, নিমা রহমান, বরদা মিঠু, এরফান মেধা শিপলু।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এটি নির্মাণ করেছেন রায়হান খান। সিনেমায় প্রধান চারটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। তাদের সঙ্গে রয়েছেন আদর আজাদ।
নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমায় একজন ব্যারিস্টার চরিত্রে দেখা যাবে আমাকে। চরিত্রটার আবেগ, দায়িত্ববোধ আর দৃঢ়তা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।’
অনেক দিন পর ‘ডোডোর গল্প’ নিয়ে সিনেপর্দায় চিত্রনায়িকা পরীমণি। রেজা ঘটক পরিচালিত এই সিনেমাটি সরকারি অনুদানের। যেখানে পরীমণিকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন সাইমন সাদিক।
সিনেমাটি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই সিনেমার মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়ানো। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে







