চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যও একইভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email