শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

পরিবারের জন্য ঈদের নতুন পোশাক ও সামান্য কিছু উপহার নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন মুহূর্তেই ভস্মীভূত হলো এক বিকট বিস্ফোরণে। বাড়ির আঙিনায় ঈদের আনন্দ ভাগাভাগি করার আগেই একটি পরিবারের কাছে পৌঁছে গেল স্বজনের নিথর দেহ।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩ যাত্রী নিহত ও অন্তত ৯ জন দগ্ধ ও আহত হয়েছেন।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।

আহতরা হলেন—শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছামাত্র গাড়ির গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।

মহাসড়কের পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের অনেকেই গাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রিন্টুর মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email