
রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লায় ভয়াবহ রেল দুর্ঘটনা এক সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রোববার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রেলক্রসিংগুলোকে আধুনিকায়ন করা হবে। এগুলোকে আন্ডার পাস এবং ওভার পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাদেরকে সরকার গঠনের শুরুতেই এ সিদ্ধান্ত দিয়েছেন। এটি সমীক্ষার আকারে রয়েছে এবং বাস্তবায়নের চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিপূর্বে জেলা প্রশাসন ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে। আমরা এ ঘটনার কারণ অনুসন্ধান করছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ।
এ সময় কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মু রেজা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানসহ রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







