মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

‘সব ক’টা জানালা খুলে দাও না/আমি গাইব গাইব বিজয়েরই গান/ ওরা আসবে চুপি চুপি/যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ/…।’ একাত্তরের এদিন সত্যিই খুলে গিয়েছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের প্রতিরোধ যুদ্ধের সব ক’টা জানালা।

২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশে আজ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের ৫৫ বছর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশে সকল সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতা দিবসের আজ প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভূমি প্রিতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল,সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কাট্টলীস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সাথে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযুদ্ধো, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সর্বস্তরের মানুষ কাট্টলীস্থ (ডিসি পার্কের পাশে) নবনির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করবেন।

বাঙালির আবেগ, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষাকে নির্মূল করতে অস্ত্র হাতে নামে হানাদার পাকিস্তানি বাহিনী। শোষিত ও নির্যাতিত মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শুরু করে পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুর গণহত্যা। সেই কালরাত্রি থেকেই শুরু হয় মৃত্যু, ধ্বংস, আগুন আর আর্তনাদ, পৈশাচিক বর্বরতা। কিন্তু ওই ঘোরতর অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। ২৬ মার্চের সূচনালগ্নে আসে স্বাধীনতার ঘোষণা। ২৬ মার্চ বেতারকেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বাংলার মানুষের ওপর পাকিস্তানি শাসকরা শোষণ এবং ভাষা ও সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে স্বাধিকারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙালিরা। তারা ২৫ মার্চ মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা।

রাষ্ট্রপতির বাণী : ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দল–মত–পথ নির্বিশেষে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বাণী : ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

জেলা প্রশাসনের কর্মসূচি : সকাল ৮টায় জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকল হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, পথশিশু, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন। জাতির শান্তি–সমৃদ্ধি–দেশের উন্নয়ন অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনায় জমিয়াতুল ফালাহ মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email