
জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি।
তবে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে বলে জানান তিনি।
এর আগে, সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেয়া হচ্ছে।







