
জুলাই জাতীয় সনদে বিএনপি রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করবে। আর যেসবে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেওয়া হয়েছে, সেগুলোতে নজর দেবে না দলটি। অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কয়েকটি অধ্যাদেশ নিয়ে যাচাই-বাছাই করে সংযোজন বিয়োজন করা হবে।
সরকার গঠনের পর বিএনপি স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমন আলোচনাই উঠে এসেছে। এ ছাড়া দেশের সংকট ও দলের কাউন্সিলের বিষয়টি উঠে এসেছে। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সমাধানের পথও খোঁজা হয়েছে। বৈঠকে সরকারের নানা দিক নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে। শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘণ্টা।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সময়ের আলোকে বলেন, সরকার গঠনের পর আমাদের প্রথম বৈঠক ছিল এটি। বিশেষ করে সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়েছে। প্রত্যেকে কাজের মূল্যায়ন করেছেন। সংকট উত্তরণে সমাধানের পথও খোঁজা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মঈন খান আরও জানান, জামায়াতে ইসলাম কিংবা এনসিপিকে নিয়ে আলোচনা হয়নি। গণতন্ত্রে বিরোধিতা না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না। তারা তাদের কাজ করছে। বিএনপি জুলাই সনদে যা যা কমিটমেন্ট করেছে তার সবই বাস্তবায়ন করবে। কিন্তু যেগুলোতে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই।
তিনি জানান, গুম অধ্যাদেশ কমিশন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বলা হচ্ছে গুম কমিশন বাতিল করা হবেÑ আদতে সেটি নয়। আলোচনা-পর্যালোচনা শেষে কিছু সংশোধনী আনা হবে। অন্তবর্তী সরকার যে ১৩৩টি অধ্যাদেশ দিয়েছিল, তার বেশিরভাগই অটো হয়ে যাবে। বাকি কয়েকটি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করা হবে।
মঈন খান বলেন, আলোচ্যসূচির বাইরে গিয়ে সবশেষে বিএনপি মহাসচিব দলের কাউন্সিল নিয়ে আলোচনা উঠান। এজেন্ডার বাইরে যে কেউ যেকোনো আলোচনা উঠাতে পারে। মহাসচিব কাউন্সিলের বিষয়ে দলের যৌক্তিকতা তুলে ধরেছেন। আমার মনে হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে সহসাই দলের কাউন্সিল করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা সবার মতামত দিয়েছেন।
জাতীয় কাউন্সিল অনুষ্ঠান শিগগিরই : পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কীভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে, খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।
কবে নাগাদ কাউন্সিল কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটার জন্য আমাদের মিনিমাম কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।
বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। বিএনপি মহাসচিব বলেন, ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু কিছু সদস্য সেই সঙ্গে কিছু কিছু পরামর্শ দিয়েছেন।
জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।







