কর্ণফুলীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিষু’ শুরু তনচংগ্যাদের

কর্ণফুলীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিষু’ শুরু তনচংগ্যাদের

রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের মানুষ কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু করেছেন তাদের ঐতিহ্যবাহী বিষু উৎসবের প্রথম দিন ‘ফুল বিষু’। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার আশায় এই আয়োজন করা হয়।রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন এলাকার কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে তনচংগ্যা সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা উৎসবে যোগ দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও তনচংগ্যা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফুল ভাসানো উপলক্ষে অংশগ্রহণকারীরা জানান, এই আচার তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা ও স্থানীয়দের ভাষ্য, নতুন বছরের মঙ্গল কামনায় প্রতিবছরই তারা কর্ণফুলী নদীতে ফুল ভাসান।

তারা বলেন, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ভুলে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে এখানে এসেছি।বেতার শিল্পী ও তনচংগ্যা সম্প্রদায়ের গীতিকার-সুরকার সূর্য্যসেন তনচংগ্যাসহ অন্যরাও জানান, এই উৎসব তাদের ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক।তনচংগ্যাদের বিষু উৎসব তিন দিনব্যাপী পালিত হয়। এর প্রথম দিন ‘ফুল বিষু’, যা বসন্তের শেষভাগে, চৈত্র মাসের ২৯ তারিখে উদযাপিত হয়। এদিন ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সঙ্গে বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করা হয় এবং তা সবার জন্য উন্মুক্ত থাকে।উৎসবের এই প্রথম দিনের মধ্য দিয়েই শুরু হয় বর্ষবিদায়ের আনুষ্ঠানিকতা, যা পরবর্তী দিনগুলোতে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email