ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যসেবা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যসেবা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম মাঠ পর্যায়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের বিশেষ নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া। সম্মেলনে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো শোনেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email