দেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার-অর্থমন্ত্রী

দেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার-অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত, এ ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধের কাজ সম্পন্ন করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদের সম্ভাব্য ব্যয়ের একটি প্রাক্কলন তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। নির্ধারিত বরাদ্দ ব্যবহার করে সারা বছর নির্ধারিত সময়সূচি মেনে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email