
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২ নম্বর জোয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি পারিবারিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) অষ্টমী পূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহার তুলে দেন। এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী কামাল উদ্দীন পারভেজ, সাবেক ছাত্রনেতা মোরশেদসহ জোয়ারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এ সময় অতিথিরা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।







