,

সাতকানিয়ায় দুর্গাপূজার মণ্ডপে নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

সাতকানিয়ায় দুর্গাপূজার মণ্ডপে নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ প্রদান করেন। তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা ও নগদ অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে মোদ্দাচ্ছির বিন ইসমাইল ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে মোদ্দাচ্ছির বিন ইসমাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নলুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুদ্দাছির বিন ইসমাইল বলেন, শাহাদাত হোসেন স্বাধীন-এর এ সৌজন্যমূলক উদ্যোগের অংশ হতে পেরে তাঁরা সম্মানিত ও কৃতজ্ঞ। নলুয়া ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক—এটাই তাঁদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন এবং সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
স্থানীয়দের মতে, বিভিন্ন ধর্মীয় উৎসবে পারস্পরিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে।