,

বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমী মারা গেছে

বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রাম মহানগরের বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এক সশস্ত্র হামলার সময় রাজু নামে এক যুবক নিহত হন। ওই ঘটনার সময় বাসার বাইরে দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় শিশু রেশমী আক্তার। একটি গুলি তার বাম চোখে লাগে। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার থেকে রেশমী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৈয়দুল করিমকে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গুলি করার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।