হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্যের জবাব দিলেন শামা ওবায়েদ

হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্যের জবাব দিলেন শামা ওবায়েদ

আলোচিত হাদি হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিদায়ী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রক্ষিতে এক প্রশ্নের জবাব দিয়েছেন শামা ওবায়েদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত কোনো প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশ সরকার গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না। তবে হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার ব্যাপারে ঢাকা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময়, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর বিজয়কে দেশের মানুষের জন্য এক বড় গৌরব ও অভ্যন্তরীণ গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কেবল জাতিসংঘই নয়, বর্তমান বাংলাদেশের ওপর পুরো বিশ্বের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এই নির্বাচন সেই আস্থারই একটি বড় প্রমাণ। একই সাথে এই সাফল্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার এক বড় সুফল হিসেবে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সফরের জন্য আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশে প্রথম দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করবেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শামা ওবায়েদ আরও জানান, মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো ধরনের পরিস্থিতি অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবিলা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email