দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন রাউজানে

দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন রাউজানে

দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও পরিবেশসচেতন ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচির সূচনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাউজান; রাউজান ঢালা বিট কাম চেক স্টেশন; ইছামতি রেঞ্জ এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মোহাম্মদ তৌহিতুর রহমানের সভাপতিত্বে এবং রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির এবং একাডেমিক সুপারভাইজার স্বজল চন্দ্র চন্দ।
এদিকে একই সময়ে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। এর অংশ হিসেবে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, বিএনপি নেতা বশির উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম, আবদুল কাদের, মুবিন, ইউপি সদস্য জাহানারা বেগম, গোলাপি বড়ুয়া, যুবদল নেতা রুমান, জাহাঙ্গীর আলম, ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email