আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশুপুত্র। শনিবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি এনি বড়ুয়ার ছেলে পিয়াস বড়ুয়া (৫)। তাদের বাড়ি স্থানীয় বৌদ্ধবিহার মন্দির সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে একটি বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। পরে ঘরের সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার নিথর দেহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের স্বামী সুজন বড়ুয়া কর্মসূত্রে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। তার দাবি, এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারীর পরিচয় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email