দীর্ঘদিন অবহেলিত সড়কগুলোর উন্নয়নের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘব করা হচ্ছে – চসিক মেয়র

দীর্ঘদিন অবহেলিত সড়কগুলোর উন্নয়নের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘব করা হচ্ছে - চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে তাঁর প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য।
মেয়র আজ নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
মেয়র বলেন, “দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষকে নানাবিধ ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ জনগণের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের সেই দুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “একটি উন্নত নগরীর পূর্বশর্ত হলো কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email