চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বেলা ১১.৩০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তোমাদের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। পরবর্তী জীবনে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। সময় কাজে লাগাবে, গুরুত্ব সহকারে পড়াশোনা করবে এবং সাবলীলভাবে পরীক্ষা দিবে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাপ্ত শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে তোমাদের আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের মাধ্যমে এ কলেজের হারানো গৌরব ফিরে আসুক। তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী ও জ্ঞানপিপাসু হওয়ার আহ্বান জানান এবং চবি প্রশাসনের পক্ষ থেকে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, এটি ঐতিহ্যবাহী একটি কলেজ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এজন্য মনোযোগী হতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে। অধ্যবসায় করতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, এর পাশাপাশি নৈতিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার শেষ সময়টুকুকে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার পরামর্শ দেন। তিনি সবার জন্য শুভ কামনা জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা মানপত্র পাঠ ও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের প্রভাষক (পদার্থবিদ্যা) ফয়সাল আল ফাহাদ ও শিক্ষিকা শারমিন আকতার তন্নি। অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email