ভার্টিক্যাল ড্রিমার্স’ এর আলোকচিত্র প্রদর্শনী

ভার্টিক্যাল ড্রিমার্স' এর আলোকচিত্র প্রদর্শনী

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুইদিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপি এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরোও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি চট্টগ্রামে শীঘ্রই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সাথে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই
পর্বতারোহণ খেলাটার সাথে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বতোভাবে এর সাথে সংশ্লিষ্টদের সাথে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সাথে সম্পৃক্ত থাকাটা জরুরি।

শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্স এর তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোন সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘
পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিং এর এই যুগে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্স এর এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতার আছেন বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email