নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পা রেখেছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটি। আর এর মাধ্যমেই নিশ্চিত হয়ে গেছে নকআউটের প্রথম বাঁকে আর্জেন্টিনার প্রতিপক্ষ। আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এর আগে অস্ট্রিয়াকে হারিয়ে বেশ দাপটের সাথেই নকআউটের টিকিট নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। পরবর্তীতে গ্রুপ পর্বের অন্য ম্যাচে আলজেরিয়া জর্ডানকে পরাজিত করায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। ফলে শেষ ম্যাচে কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল আকাশী-সাদা শিবিরের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা সহজ প্রতিপক্ষের অপেক্ষায় ছিল তারা, যা কেপ ভার্দের নকআউট নিশ্চিত হওয়ার মাধ্যমে আলোর মুখ দেখল।

অন্যদিকে, এবারের আসরেই বিশ্বকাপে প্রথমবারের মতো অভিষেক হওয়া কেপ ভার্দে গ্রুপ পর্বের সব ম্যাচ ড্র করে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপে পা রাখা দলটি স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দেওয়ার পাশাপাশি শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে। গ্রুপ ‘এইচ’ থেকে অপরাজিত থেকে দ্বিতীয় দল হিসেবে তারা প্রথমবারের মতো নকআউট পর্বের টিকিট কেটে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

যদিও কাগজে-কলমে কেপ ভার্দে দলটিকে আর্জেন্টিনার জন্য বেশ সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে, তবে মাঠের লড়াইয়ে যেকোনো অঘটন ঘটাতে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি যে কতটা পটু, তা তারা গ্রুপ পর্বেই প্রমাণ করেছে। ফলে মায়ামির মহরণকে সামনে রেখে লিওনেল মেসি ও তাঁর দল নিশ্চয়ই আফ্রিকান এই দলটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না। প্রথম আসরেই রূপকথা লেখা কেপ ভার্দে এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আরেকটি মহাবিস্ময় উপহার দেওয়ার স্বপ্ন বুনছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email