আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই সফর পূর্বনির্ধারিত কোনো কর্মসূচির অংশ ছিল না। সকাল ৯টা ১৫ মিনিটে স্পারসো কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলেন এবং তাদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবনী উদ্যোগ, গবেষণা কার্যক্রম এবং মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে চলমান কাজের বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের সামগ্রিক উন্নয়নে প্রতিষ্ঠানটি যাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email