
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট প্রবল পানির চাপ এবং একটি কালভার্টে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় চট্টগ্রামের রাউজান–নোয়াপাড়া সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আবুল কালাম। তারা ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুন নবি, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নুরুল হক সওদাগর, ইউনুস সওদাগর, মোহাম্মদ মিয়া, লোকমান হোসেন, মোহাম্মদ রুমান, বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের অভিযোগ, একটি কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের স্রোত বিকল্প পথে প্রবাহিত হয়ে সড়কের বিভিন্ন অংশে তীব্র ক্ষয় সৃষ্টি করেছে। বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বর্তমান পরিস্থিতির অবনতি হয়েছে।
পরিদর্শন শেষে ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সড়ক রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ কালভার্টের প্রতিবন্ধকতা অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক করা এবং রাউজান–নোয়াপাড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানান।
পরিদর্শন শেষে পশ্চিম গুজরা ইউনিয়নের পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।







