
চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকায় ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের বিশেষ ত্রাণ ও মেডিকেল টিম। চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের নির্বাহী পরিচালক ডা. মো. আবু নাছেরের নেতৃত্বে পরিচালিত এই মানবিক কার্যক্রমে দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় নিত্যপণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবাও নিশ্চিত করা হচ্ছে।
গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা বিশেষ টিমটি দুর্গম ও প্রত্যন্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
⚫জলদী, সরল, বাহারছড়ি ও ইলশায় মানবিক সহায়তা
সাতকানিয়ায় কার্যক্রম সম্পন্ন করার পর ডা. মো. আবু নাছেরের নেতৃত্বে এবং ন্যাশনাল হসপিটালের সার্বিক সহযোগিতায় মেডিকেল ও ত্রাণ টিমটি বাঁশখালীর জলদী, সরল, বাহারছড়ি ও ইলশাসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পৌঁছে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান করে। এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি বদরুল ইসলাম, বাহারছড়ি ইউনিয়নের জননেতা সাদুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনভিত্তিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
⚫বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প
বন্যার পর পানিবাহিত রোগ, চর্মরোগ ও বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে ন্যাশনাল হসপিটালের বিশেষ মেডিকেল টিম ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। দুর্গত এলাকায় বিনামূল্যে রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করা হবে।
ডা. আবু নাছের জানান, ‘সাতকানিয়া ও বাঁশখালীর পাশাপাশি চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও ও বোয়ালখালীসহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকাতেও দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন।’
⚫বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনার প্রস্তাব
ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ডা. মো. আবু নাছের চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে মতবিনিময় করেন।
সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে বসতবাড়ি ও সড়ক নির্মাণের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ অনেকাংশে বন্ধ হয়ে গেছে। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও কার্যকর স্লুইস গেটের অভাবে সামান্য অতিবৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতি বছর একই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতে হলে সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ লক্ষ্যে জলাবদ্ধতা বিশেষজ্ঞ, প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে ইউনিয়নভিত্তিক সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান তিনি। পাশাপাশি একটি ফলপ্রসূ কর্মশালা বা গোলটেবিল বৈঠকের মাধ্যমে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।’
⚫দল-মতের ঊর্ধ্বে উঠে মানবিক সহায়তার আহ্বান
ডা. মো. আবু নাছের বলেন, ‘দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ন্যাশনাল হসপিটালের ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ‘আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে এই মানবিক কার্যক্রম শুরু করেছি। দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার। আমি দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই দল-মতের ঊর্ধ্বে উঠে মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।’







