তারেক রহমানের ‘রঙধনু জাতি’ গঠনে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের ‘রঙধনু জাতি’ গঠনে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রঙধনু জাতি’ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রবিবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি ও যন্ত্রণাথ কার্বারীপাড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ সফলভাবে মোকাবিলা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যরা প্রতিটি দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মীর হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রঙধনু জাতি’ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সম্প্রীতি, সাম্য ও উন্নয়নের বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

পরে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, মহালছড়িতে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email